শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে মাইক্রোবাসের চাপায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– সাকিবুল (৮) ও জাকারিয়া (৯)। আহতের নাম আমিন (৭)। হতাহতরা উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় তাদের চাপা দেওয়া মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দিলে তিন শিক্ষার্থী মারাক্তকভাবে আহত হয়।
পরে আহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করে। তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীদের চাপা দেওয়া মাইক্রোবাস ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আহত আমিনের অবস্থাও আশঙ্কাজনক।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাস ও চালকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।