শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ঢাকায় গ্রেপ্তার

জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি-প্লট জালিয়াতির অভিযোগে দায়ের করা একাধিক মামলায় শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় ছয়টি মামলা রয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মনি শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জামানত হারান।

পুলিশ জানায়, মো. মাহমুদুল হক মনির বিরুদ্ধে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফালানোর বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু জানান, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।