বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহতের পর শেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
গত বুধবার শেরপুর-৩ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬০ জন। এ ঘটনায় বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরকে দোষারোপ করছেন।
ঘটনার পর বৃহস্পতিবার ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ ঘটনাকে সরকার ‘সর্বোচ্চ সতর্কতা’ হিসেবে দেখছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহত হওয়ার ঘটনাকে সর্বোচ্চ সতর্কতা হিসেবে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। লেজুড়বৃত্তি বা কোনো দলের পক্ষে কাজ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’