ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্দেহে রাহিদ খান পাভেল নামে এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির এক নেতার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বসতঘরের এক পাশ কুপিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোররাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক। তিনি ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামের আলী হোসেন ব্যাপারীর ছেলে।
ময়মনসিংহ জেলা ছাত্রশক্তির সংগঠক আলী হোসেন জানান, ভোররাতে সাইফুল্লাহর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্বৃত্তরা সাইফুল্লাহর বাড়ির লাকড়ির ঘরে আগুন ধরিয়ে দেয়, যাতে দ্রুত পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার বিষয়টি দ্রুত টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা শুধু আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, সাইফুল্লাহর বসতঘরের এক পাশ কুপিয়ে বেড়া ভেঙে ফেলে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।