শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার ৩০টি স্কুলে চালু হয়েছে ভাষা, বিজ্ঞান, সংস্কৃতি ও বিতর্কের ক্লাব। জেলা প্রশাসনের এই উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয় চর্চার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এমন উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও খুশি।
শিক্ষার্থীদের মেধা বিকাশে সৃজনশীল চর্চার বিকল্প নেই। কিন্তু নানা সীমাবদ্ধতায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রমের বাইরে কার্যক্রম খুব সীমিত।
ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশে এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নেত্রকোণার স্কুল নেয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে চারটি করে ক্লাব।ভাষা ক্লাবে চর্চা হচ্ছে ভাষার প্রয়োগ ও দক্ষতা, বিজ্ঞান ক্লাবে বাড়ছে জানার আগ্রহ ও বিজ্ঞানমনস্কতা। সাংস্কৃতিক ক্লাবে নাচ, গান, আবৃত্তি চর্চা এবং বিতর্ক ক্লাবে উপস্থাপনা ও যুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করছে তরুণ শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘এমন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক, সংস্কৃতিমনা ও গবেষণাধর্মী হবে। বিশ্বায়নের যুগে টিকে থাকার সক্ষমতা অর্জন করবে শিশু ও তরুণেরা।’
শিক্ষা প্রতিষ্ঠানের এই ৪ ক্লাবে অংশ নিয়ে পাঠ্যবইয়ের বাইরেও নতুন নতুন বিষয় শিখছে শিক্ষার্থীরা। আর দক্ষতা অর্জনের সাথে সাথে বাড়ছে আত্মবিশ্বাস।