নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় আরও দুজন গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার দুজন হলেন ইমরান ইসলাম ইমন ও মো. সাব্বির আহম্মেদ। ইমন দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার এবং সাব্বির তেরীবাজার এলাকার বাসিন্দা।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক বলেন, ‘ইমন এবং সাব্বির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

নেত্রকোণা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে।

গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন।

আলিফ ফকির আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করত।

এ হত্যাকাণ্ডের দুদিন পর, ১৭ অক্টোবর অপূর্ব  নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। অপূর্ব পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।

এরপর গত ২০ অক্টোবর দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়।