ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যায় অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা  

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা এবং ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় একই এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সুরুজ জামান (৩৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাতে সড়ক অবরোধ করেন। এ সময় জামান হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’