ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে দুইজনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭২ জন। এর মধ্য ৪৯ পুরুষ, নারী ১৫ জন ও শিশু ৮ জন। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৭১ জন এবং মারা গেছে ৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন–জেলার তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) ও জেলার নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা (৮৫)।
ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮ টায় হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকাল পৌনে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে হাসপাতালে ভর্তি হন। পরে গতকাল রাত ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে, একই সময়ে হাসপাতালে হাসপাতালে হামের উপসর্গে নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে চলতি বছরে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু ও এই সময় সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৬৪ শিশু চিকিৎসাধীন আছে।
চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মোট ভর্তি হয়েছে ৬ হাজার ৮১২ জন, ছুটি হয়েছে ৬ হাজার ৫৫৪ জন, একই সময়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশুই মেয়ে। তাদের একজনের বাড়ি জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তার বয়স ৭ মাস। অপর মেয়ে শিশুর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। তার বয়স ১০ মাস।
ফুলবাড়িয়ার শিশুটি গতকাল সকাল পৌনে ১২ টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ওই দিন সন্ধ্যার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
কলমাকান্দার শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে গতকাল সকাল ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।