চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি যাত্রী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) ও পৌর এলাকার ধীরেন ভকতের ছেলে ততন ভকত।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহাম্মদ এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, পুশকনী এলাকায় ট্রলির সঙ্গে গোমস্তাপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বছর বয়সী খলেস বেগম ও ততন ভকত মারা যান। তাঁরা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।