নাটোরে মাইক্রোবাস থেকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নাটোরের সিংড়ায় একটি মাইক্রোবাস থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। আজ বৃহস্পতিবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তরপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মাইদুল ইসলাম ও একই জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে সোলেমান আলী ওরফে ভোলা।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার নুরল হুদা।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। বগুড়া থেকে নাটোরগামী একটি মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িটি তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির স্পেয়ার চাকার মধ্যে অভিনব কায়দায় রাখা ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া মাইক্রোবাসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নুরল হুদা আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন তাঁরা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।