দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন কূপ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে কয়লা উত্তোলন শুরু হয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন খনি কর্তৃপক্ষ। উত্তোলিত কয়লার পুরোটাই সরবরাহ করা হবে পাশ্ববর্তী ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায় চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১১১৩ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। নতুন কূপে যন্ত্রপাতি স্থাপন করে এক মাস ১২ দিন পর আবারও কয়লা উত্তোলন শুরু হলো। নতুন কূপ থেকে ২ লাখ ২০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এর আগে সর্বশেষ ২৯ আগষ্ট পর্যন্ত ৩লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল ১১১৩ নম্বর ফেইজ থেকে। ফেইজের মজুদ ফুরিয়ে যাওয়ায় এবং নতুন ফেইজে যন্ত্রপাতি সরিয়ে প্রতিস্হাপনের সুবিধার্থে ওই দিন থেকে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের জন্য ইয়ার্ডে মজুদ রাখা হয়েছিল ১লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা।
নতুন ফেইজে কয়লা উত্তোলনের আগে গতকাল পর্যন্ত ওই মজুদের ইয়ার্ডে ছিল ৩০ হাজার মেট্রিক টন। ইয়ার্ডের মজুদ শেষ হবার আগেই নতুন ফেইজে কয়লা তুলতে সক্ষম হয়েছেন তারা। এতে তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে বলে আশা করা হচ্ছে।
উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডের মাধ্যমে সরবরাহ করা হবে আবাসিক এলাকা, মিল–শিল্পকারখানা এবং চাষাবাদসহ কৃষি বিদ্যুৎ নির্ভর বিভিন্ন সেক্টরে।