নাটোরে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

নাটোর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার দক্ষিণ হাজরানাটোর মহল্লায় এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, নৌকার সমর্থকেরা গতকাল মঙ্গলবার রাতে নির্বাচনী ক্যাম্পিং শেষে বাড়িতে চলে যায়। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন দেয়। এতে ক্যাম্পে টাঙানো পোস্টার ও ক্যাম্পের চারদিকে থাকা ত্রিপল পুড়ে যায়।

এরপর আজ বুধবার সকালে স্থানীয়রা ক্যাম্পটি পুড়ে যাওয়া অবস্থায় দেখে বিষয়টি এলাকার আওয়ামী লীগ নেতা এবং পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি তিনি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শুনেছেন। এরপর তিনি পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তারা সেখানে আগুন লাগার সত্যতা পেয়েছেন।

ওসি বলেন, এরই মধ্যে বিষয়টি তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে শিমুলের নির্বাচনী ক্যাম্পে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর খবর পেয়ে শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি বলেন, বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।