সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।
কারখানায় চুরি রোধ করতে গিয়েই চোরের হাতে খুন হন তিনি। এ ঘটনায় ঘাতক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ফেরদৌস আলী উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে আরকে টেক্সটাইল মিলসে যায় ফেরদৌস। রাতে ঘোড়শাল গ্রামের চোর মামুন হোসেন কারখানায় চুরি করতে গেলে ফেরদৌসের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফেরদৌসের মাথায় আঘাত করে মুখে কম্বল চাপা দিয়ে হত্যার করে। পরে লাশ কারখানার মাটিতে পুঁতে রাখে। ফেরদৌসের মোবাইলটি নিয়ে যায় ওই চোর।
খায়রুল বাশার আরও জানান, সকালে বাড়ি না ফেরায় ফেরদৌসের পরিবারের লোকজন ওই কারখানায় গিয়ে না পেয়ে থানায় অভিযোগ দেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী আরকে টেক্সটাইল মিলসের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ।