ক্যাডেট ও বৃত্তি পরীক্ষায় ভাল ফলাফল করায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে চড়িয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ শাহীন শিক্ষা পরিবার শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ৩২জন মেধাবী শিক্ষার্থীকে হেলিকপ্টারযোগে শহর ঘুরিয়ে দেখানোর এ সংবর্ধনার আয়োজন করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উল্লাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জ শহরের শহীদ এম শামসুদ্দিন স্টেডিয়ামে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সিরাজগঞ্জ শাহিন শিক্ষা পরিবার।
অনুষ্ঠানের ব্যতিক্রম আয়োজন ছিল বৃত্তি ক্যাডেট ও বৃত্তি পরীক্ষায় ভাল ফলাফলকারীদের হেলিকপ্টারে চড়িয়ে শহরের উপর দিয়ে ঘোরানো। ব্যতিক্রম এ আয়োজন দেখতে স্কুলের শিক্ষার্থী-অভিভাবক ও শহরের লোকজন ভিড় জমায়। এদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩২ জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে ৮-১০ মিনিট করে হেলিকপ্টারে চড়িয়ে সিরাজগঞ্জ শহরের উপর দিয়ে চক্কর কাটিয়ে ঘোরানো হয়।
শাহীন শিক্ষা পরিবারের সিরাজগঞ্জ শাখার পরিচালক নুরুল হক জানান, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও অনুপ্রেরণার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হেলিকপ্টারে চড়িয়ে ঘোরানোর ঘোষণা দেয়া হয়েছিল। ঘোষণা অনুযায়ী হেলিকপ্টার ভাড়ায় এনে বৃত্তি ও ক্যাডেট পরীক্ষায় উত্তীর্ণ ৩২ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে হেলিকপ্টারে চড়িয়ে শহরের উপর দিয়ে ঘোরানো হয়েছে।
এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ এবং পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের প্রতিযোগিতা সৃষ্টি হবে মনে করছেন তিনি। আগামী বছরও এমন আয়োজন করা হবে তিনি ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের এই কর্মকর্তা।
আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির জানান, হেলিকপ্টারে চড়িয়ে শিক্ষার্থীদের সংবর্ধনার ব্যতিক্রম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে পড়াশোনা করে ভাল ফলাফলের চেষ্টা করবে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা ও সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও হেলিকপ্টার দেখার জন্যও বিপুল সংখ্যক উৎসুক জনতা স্টেডিয়ামে ভিড় করেন।