জয়পুরহাট র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। অভিযান মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন এবং কিশোরীকে অপহরণের অভিযোগে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। এ সময় অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়।
গত ২৪ ঘণ্টায় র্যাবের অভিযানে জেলা ও পার্শ্ববর্তী নওগাঁর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আজ সোমবার থেকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকা থেকে ১ হাজার ৪০ লিটার দেশি মদসহ সাতজন মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন– একই এলাকার রাম মুরমু, লিমন হেমরম, ফিলিমন সরেন, রূপলাল সরেন, মোহন্ত টুডু, বাবলু মুরমু ও মিন্টু সরেন। আটককৃতদের বয়স ২৩ থেকে ৪৫।
অপর অভিযানে একই উপজেলার বাগজানা এলাকায় গেলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র্যাব সদস্যরা।
অন্যদিকে নওগাঁর এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার পলিবাড়ি এলাকা থেকে রিপন হোসেন নামে (১৯) এক যুবককে আটক করে র্যাব। সেই সঙ্গে অপহৃত কলেজ ছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থাসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয় বলেও জানান র্যাব অধিনায়ক।