সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি হতাহত হয়েছেন। এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নিহতের অভিযোগে পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সীমান্তের ওপারে ভারতীয় অংশে তিনি মারা যান। স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও হত্যার সত্যতা নিশ্চিত করা হয়নি।
নিহত সাইফুল ইসলাম গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাত দেড়টার দিকে সাইফুলসহ কয়েকজন গরু চোরাচালানি রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাসস্থলেই মারা যান সাইফুল। পরে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান।
বিজিবির রোকনপুর ক্যাম্পের কমান্ডার আজাদ রহমান জানান, সীমান্তে বাংলাদেশি হত্যার খবর শুনেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কাজ করছেন তাঁরা।
এ বিষয়ে কথা বলার জন্য বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছেন। একজনের চোখে লেগেছে রাবার বুলেট। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর সীমান্তে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাঁদের গুলি করে। আহতেরা হলেন– দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে সফিকুল ইসলাম ডালিম ও মো. দীন ইসলামের ছেলে পিয়াস হোসেন বাবু।
এর আগে গত ৩০ মার্চ লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের মেইন পিলার নম্বর ৯১৩/৪ এসের কাছে বেলতলা থেকে ১০০ গজ ভারতের ভেতরে ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশির নাম মুরুলী চন্দ্র (৪২)। তিনি চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে। আহতেরা হলেন– একই গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩২) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪২)। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে একটি চিঠি পাঠান লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরি।
গত ২৭ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হন। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, অলিউলসহ আরও ৫-৬ জন চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এর আগে গত ২৬ মার্চ নওগাঁ জেলার পোরশা সীমান্তে রাতের আঁধারে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আল আমিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। সীমান্তের দুই কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে বিলমারী এলাকায় এ ঘটনা ঘটে নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, বাংলাদেশি যুবক নিহতের বিষয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়।