পুকুরে পাওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট 

পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পাওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সেনানিবাস থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান সেকেন্ড লেফটেনেন্ট তরিকুল ইসলামের নেতৃত্বে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঈশ্বরদী শহরের এমএস কলোনির তিন তলা এলাকায় পুকুর খনন কাজ চলার সময় পাওয়া গ্রেনেডটি বেশ শক্তিশালী ও কার্যকর ছিল। বোম্ব ডিসপোজাল ইউনিট একটি সুষ্ঠু ও নিরাপদ প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেনেডটি ধ্বংস করেছে।’  

এর আগে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী থানা পুলিশ ঐ এলাকা তত্ত্বাবধায়ন করে রাখে।

পরে বগুড়া সেনানিবাসের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তাঁরা আজ ঘটনাস্থলে পৌঁছায়। ইউনিটের সদস্যরা ওই এলাকা পর্যবেক্ষণ ও সেখানে পাওয়া হ্যান্ড গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তা ধ্বংস করেন ইউনিটের সদস্যরা।   
এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।