হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

ঢাকার বংশালে পুরাতন মিরিনজিল্লা হরিজন পল্লীতে উচ্ছেদের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হরিজন ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। আজ শুক্রবার সকালে শহরের মুজিব সড়ক প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।

এ সময় বক্তরা ঢাকায় হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদ করে দ্রুত উচ্ছেদ হওয়াদের পুর্ণবাসন ও ক্ষতিপুরণ দাবি জানান। সেই সঙ্গে দেশব্যাপী হরিজন পল্লীতে উচ্ছেদ বন্ধ, হরিজনদের তাঁদের বসবাসকৃত জমিতে ভূমি মালিকানা প্রদান এবং মানসম্মত বসস্থান নির্মানের দাবি করেন। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে দুই শতাধিক হরিজন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মানিক ভক্তের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সিরাজগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, জেলা বাসদ নেতা পলাশ ঘোষ, হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক সুমন হেলাসহ নেতারা।

এর আগে শহরের ফজলুল হক রোড হরিজন পল্লী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব সড়ক প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।