প্রবাসী যুবককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের মা-বাবাসহ এলাকাবাসী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনচাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিসে প্রবাসী যুবক আব্দুল খালেক টিংকুকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী। আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে নিহত আব্দুল খালেক টিংকুর গ্রামের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল খালেক টিংকুর বাবা ও মা। এ সময় কান্না জড়িত কণ্ঠে বাবা তোবজুল হক বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন প্রবাসে ছিল। সে কোনো ঝামেলার মধ্যে ছিল না। অথচ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা একের পর এক কোপ দিয়ে নির্মমভাবে হত্যা করেছে তাকে।’
অন্যদিকে ছেলের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন মা দুলালী বেগম। তিনি বলেন, ‘আমার ছেলের আয়ের ওপর আমরা নির্ভরশীল ছিলাম। ছেলে হত্যার পর আমাদের সব শেষ হয়ে গেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।’
ছেলে হত্যার চেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত যুবকের বাবা তোবজুল হক। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনমানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ জুন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি গ্রাম্য সালিসের মধ্যেই প্রবাসী আব্দুল খালেক টিংকুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এমনকি হত্যাকারীরা এখনও নিহতের পরিবারকে বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান গ্রামবাসী।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ঘটনার পর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।