সাবেক এমপির পিএসের বিরুদ্ধে এক ব্যক্তিকে বেঁধে মারধরের অভিযোগ

নাটোর-১ আসনের সাবেক এমপির ব্যক্তিগত সহকারীর (পিএস) বিরুদ্ধে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে বেঁধে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এসময় ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন তাঁর স্ত্রী তাহমিনা খাতুন। এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

এদিকে এরই মধ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে, অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলের পিএস তানসেন হিমেল।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বেনজির আহমেদ।

তাহমিনা খাতুনের বরাত দিয়ে ওসি জানান, পূর্বশত্রুতার জেরে গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈচরপাড়া গ্রামের আব্দুল করিম তাঁর আম বাগানে কাজ করছিলেন। এসময় তানসেন হিমেল ও তাঁর সহযোগীরা আম বাগানে আব্দুল করিমকে রশি দিয়ে বেঁধে রেখে এলোপাথাড়ি মারধর করেন। এসময় তাকে বাঁচাতে তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও মারধর করেন তাঁরা। তাদের মারধরে রক্তাক্ত জখম হলে আব্দুল করিমকে ফেলে রেখে চলে যান তানসেন হিমেল ও তাঁর সহযোগীরা।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় গতকাল শনিবার তানসেন হিমেল ও তাঁর সহোদর নিউটন মিয়াসহ চারজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল করিমের স্ত্রী তাহমিনা খাতুন। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযোগের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত তানসেন হিমেল বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।