জয়পুরহাট রেলের জমি দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ

জয়পুরহাট রেলের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।

রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলা শহরের রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে অর্ধ শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যাবসা-বাণিজ্য করে আসছিল কিছু ব্যক্তি। এর আগে বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হচ্ছে। সকল অবৈধ স্থপানা ভেঙে দিয়ে দখলমুক্ত না করা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে।’

অভিযানকালে উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, জয়পুরহাট জেলা প্রশাসনের সিনিয়ার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।