নাটোরের গুরুদাসপুরে বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে আনন্দ সিনেপ্লেক্স ভাঙচুর, লুটপাট, জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনন্দ সিনেপ্লেক্সের মালিক আনিসুর রহমান এ অভিযোগ করেন।
আনিসুর রহমান বলেন, ‘চুক্তিনামা অমান্য করে গত ৮ আগস্ট সন্ধ্যায় গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর নির্দেশে প্রায় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী আনন্দ সিনেপ্লেক্সে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টরসহ সিনেপ্লেক্সে থাকা সব মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়। ভাঙচুর ও লুটপাটের সময় হামলাকারীদের নিষেধ করলে তারা হল মালিক ও ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দেয়।’
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মশিউর রহমান বাবলু জানান, তার বিরুদ্ধে করা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নানা অজুহাতে ঠিকঠাকভাবে ভাড়া প্রদান না করায় তিনি তার সম্পদ নিজের হেফাজতে নিয়েছেন।