দেশে এই মুহূর্তে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। রোববার চাঁপাইনবাবগঞ্জে আমদানিকারক, পরিবহন ব্যবসায়ীসহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘পণ্য আমদানির ক্ষেত্রে কী ধরনের অসুবিধা হচ্ছে, তা দেখতেই বন্দরে এসেছি। অসুবিধাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’
মোহাম্মদ আলীম আখতার খান বলেন, ‘খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত। আর এজন্যই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে হস্তক্ষেপ করতে হয়।’
বন্দর এলাকায় চাঁদাবাজি বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মোহাম্মদ আলীম আখতার খান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম, সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী মোহা. শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, বিশিষ্ট চাল ব্যবসায়ী আকবর হোসেনসহ অন্যরা।