রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসের সামনে আন্দোলনকারীরা ‘প্রথম আলো’ লেখা সাইনবোর্ড খুলে নেন। এরপর তা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
সোমবার দুপুরে নগরীর আলুপট্টি মোড়ে ‘আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহী’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে যায়। এ সময় প্রথম আলোর একটি সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় তারা।
গতকাল রোববার ঢাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে আন্দোলনরতদের ওপর ‘হামলার’ প্রতিবাদে এই বিক্ষাভ করেছেন তারা। প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহোতা দাবি করা হয়। রাজধানীতে আন্দোলনরত সাধারণ জনতার ওপর প্রশাসন হামলা করেছে উল্লেখ করে এর প্রতিবাদে তারা রাজশাহীতে মানববন্ধন করেছে বলে জানায় সংগঠনটি।
বক্তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ৫ আগস্ট ‘দেশ স্বাধীন’ হওয়ার পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেখানে উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। তারা উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান।