ফিজিতে দুর্ঘটনায় নিহত অভিবাসী বাংলাদেশি মো. রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ৭৫ হাজার ফিজিয়ান ডলার (৪০ লাখ ৫০ হাজার টাকা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিজি সরকার। ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজি সরকার সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় হাইকমিশন।
এতে বলা হয়, গতকাল সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনকে ফিজি সরকার এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত অবহিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রায়হান আলী ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২৭ জুন গাড়ির চাকা বিষ্ফোরণে মৃত্যুবরণ করেন। সে সময় বাংলাদেশ হাইকমিশন তাঁর মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদানের জন্য ফিজি সরকারকে অনুরোধ করে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে।
এ অর্থ রায়হানের বাবাকে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হান আলীকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়। রায়হান আলী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।