তারেক রহমান আইনের মাধ্যমে মামলা থেকে মুক্ত হয়েছেন: বিএনপি নেতা দুলু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তিনি আইনের মাধ্যমে মামলা থেকে মুক্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নাটোর শহরের কানাইখালী এলাকায় শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণ সভায় এই মন্তব্য করেন দুলু।

বিএনপি নির্বাহী কমিটির এই সদস্য বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল দেওয়া হয়েছে। তাঁকে ২১ আগস্টের মিথ্যা মামলায় জেল দিলেন, ১০ ট্রাক অস্ত্র মামলায় জেল দিলেন। কিন্তু তখন তিনি বাংলাদেশের এমপি বা মন্ত্রীও ছিলেন না।’

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘তারেক রহমান যদি বাংলাদেশ এয়ারপোর্টে আসতেন, কোটি কোটি মানুষ তাঁকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসত। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের মাধ্যমে মামলা থেকে মুক্ত হয়েছেন। আমরা দেখেছি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ফাঁসির আসামিরা আদালতে না গেলেও তাদের মামলা থেকে মুক্ত করেছেন শেখ হাসিনা।’

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ ডিসেম্বর বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়। নাটোর শহরের কানাইখালী এলাকায় চলা ওই আন্দোলনে আওয়ামী লীগের লোকদের গুলি বর্ষণে চোখে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুজন।