শিক্ষাব্যবস্থা সংস্কারে কমিশন গঠন না করায় ক্ষোভ ড. হাছানাতের

ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা সংস্কারের কমিশন গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। রোববার চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট তাদের নিজস্ব মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ওমর ফারুক ও সেলিম আহমদে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিমসহ অন্যরা। 

ড. মোহা. হাছানাত আলী বলেন, ‘গত ১৭ বছরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার পরিবর্তে শ্রেণিকক্ষে রান্না শেখানো হয়েছে, নাচানাচি-গান শেখানো হয়েছে। এমন শিক্ষাব্যবস্থা দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

উপাচার্য বলেন, ‘সবক্ষেত্রে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন গঠন করা হয়নি। শিক্ষাব্যবস্থার সংস্কার না হলে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার।’

ড. মোহা. হাছানাত আলী আরও বলেন, ‘দেশে এখনও বৈষম্য চলমান। চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামের উন্নয়ন দেখলেই সেটা বোঝা যায়। এমন বৈষম্য জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।’

সভাপতির বক্তব্যে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘তরুণদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। তারা দেশটাকে বদলে দিতে পারে এটা বিশ্বাস করি। তাই সব ভালো কাজের সঙ্গে তরুণদের থাকতে হবে। এই তরুণদের হাত ধরেই ন্যয় ও সমতাভিত্তিক সমাজ গড়ে উঠবে।’