রাজশাহীর চারঘাটে পিকনিকের খাবার খেয়ে থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৫২ জন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘাট উপজেলা সদরের বেসরকারি প্রতিষ্ঠান থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয় থেকে রোববার সকালে শিক্ষার্থী ও অভিভাবকসহ ১৮০ জন গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে পিকনিকে যায়। এর মধ্যে ৪৭ জন ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাকিরা অভিভাবক ও তাদের আত্মীয়-স্বজন। পিকনিকের সকল সদস্যের খাবার থানাপাড়া সোয়ালোজে রান্না করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়। সাফিনা পার্কে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে দুপুরের খাবার খান তারা। এরপর সন্ধ্যার দিকে পিকনিক থেকে বাড়ি ফেরার পর থেকে অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়। সোমবার দুপুর থেকে আরও বেশি অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শুরু করেন তারা। এভাবে পর্যায়ক্রমে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ নেওয়াজ বলেন, ‘খাবার রান্না করে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। কিন্তু কী কারণে ফুড পয়জনিং হয়েছে বুঝতে পারছি না। আমার নিজের মেয়েও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।’
চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, ‘ফুড পয়জনিং এর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। শিশু বিশেষজ্ঞসহ চিকিৎসকেরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। রোগীদের অবস্থা এখন অনেকটা ভালো।’