নাটোরে নিখোঁজের একদিন পর পুকুর মিলল শিশুর মরদেহ

নাটোরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে আরিফুল ইসলাম (৫) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ গ্রামে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আরিফুল ইসলাম একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, গতকাল শনিবার দুপুর থেকে আরিফুল নিখোঁজ ছিল। কোথাও খুঁজে না পেয়ে আরিফুলের বাবা নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরে পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি।

ওসি আরও জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোনোভাবে শিশুটি পানিতে পড়ে যাওয়ার পর উঠতে না পেরে পানিতে ডুবে মারা গেছে।