থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার, ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে পাবনার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে, এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, একজন এসআই ও দুজন কনস্টেবলকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বাগাতিপাড়া থানার একটি মামলার আসামি রুবেল উদ্দিনকে মঙ্গলবার গ্রেপ্তার করে লালপুর থানা ভবনে রাখে পুলিশ। খবর পেয়ে ওই নেতার স্বজনসহ লালপুরের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থানা ভবনের ভেতরে ঢুকে হট্টগোল শুরু করেন এবং রুবেলকে ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ দেয়। কিন্তু পুলিশ তাতে অসম্মতি জানান। এরই একপর্যায়ে নেতা-কর্মীরা জোর করে রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়ে চলে যায়। 

আমজাদ হোসাইন আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রুবেল উদ্দিনসহ ৩৮ জনের নাম ও আরও ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পাবনার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় থেকে রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।