চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাবেক পৌর মেয়র, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলায় চারজন, নাচোল উপজেলায় পাঁচজন, শিবগঞ্জে দুইজন, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় একজন করে গ্রেপ্তার করা হয়। সদর উপজেলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ঘরনার ব্যবসায়ী হাম্মাদ আলী। নাচোলে গ্রেপ্তার হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ ছাত্রলীগের দুই নেতা।
পুলিশ সুপার বলেন, আগের দায়ের হওয়া বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।