নাটোরের সিংড়ায় নিজ উদ্যোগে দলের নামে অফিস খুলে চাঁদাবাজির ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রোববার রাতে উপজেলার বামিহাল বাজারের অফিস থেকে থেকে দেশীয় অস্ত্রসহ হাজী কুদ্দুস আকন্দ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হাজী কুদ্দুস আকন্দ তাঁর ব্যক্তিগত উদ্যোগে বামিহাল বাজারে বিএনপির একটি পার্টি অফিস তৈরি করেন। এরপর থেকে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, পুকুর দখলসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি। কুদ্দুসের এমন কর্মকাণ্ডের বিষয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করে এলাকাবাসী। এরপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাতে অফিসটিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুদ্দুস পালানোর চেষ্টা করেন। তবে তাকে আটক করতে সক্ষম হন সেনাবাহিনীর সদস্যরা।
রফিকুল ইসলাম আরও জানান, কুদ্দুস আকন্দকে আটকের পর তাঁর পার্টি অফিসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র টেঁটা ও বল্লম উদ্ধার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হন্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। কুদ্দুস আকন্দের বিরুদ্ধে সিংড়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘হাজী কুদ্দুস আকন্দ বিএনপির একজন কর্মী। তবে তিনি জেলার কিছু ক্যাডার ও বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে। এক সময় বিএনপির রাজনীতির সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি ওই দলের কর্মী হয়ে কাজ করেন। গত ৫ আগস্টের পর বিএনপির কর্মী হিসেবে জেলার ও উপজেলার কিছু নেতা ও ক্যাডারদের ছত্রছায়ায় আবার প্রভাব বিস্তার শুরু করেন। ব্যক্তিগতভাবে বিএনপির দলীয় কার্যালয় করে মানুষকে নির্যাতন করা এবং হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’