চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বৃষ্টির মধ্যেই ২০ জনকে পুশ-ইন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে নারীসহ ২০ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তাদের বাংলাদেশ ঠেলে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি অধিনায়ক বলেন, ভোর পৌনে ৫টার দিকে মাসুদপুর সীমান্তের ৪/৫-১এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই ২০ জনকে পুশ-ইন করা হয়। অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বাংলাদেশ ভূখণ্ড থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং অপ্রাপ্ত বয়সী ১০ জন রয়েছে। 

বিজিবি অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন- তাদের বাড়ি কুড়িগ্রামে। তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে। পুশ-ইনের ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

এর আগে ৩ জুন জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন ও ২৭ মে ভোরে গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করা হয়।