নওগাঁয় বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

নওগাঁ শহরের কাজীর মোড়ে নিজের মাকে বাড়িতে ঢুকতে না দিয়ে দীর্ঘ ছয় ঘণ্টা গ্যারেজে বসিয়ে রাখার অভিযোগে মোস্তাফিজুল ইসলাম সোহাগ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৭০ বছর বয়সী বিলকিস আক্তার জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ফিরতে গিয়ে তিনি দেখতে পান, সিঁড়ির মুখে লোহার গেট লাগানো এবং তাতে তালা ঝুলছে। ছেলেকে ফোন করে জানালে সে স্পষ্ট জানিয়ে দেন—‘তুই তো দুই আনার মালিক, রাস্তায় গিয়ে থাক।’

ঘটনার পর বাড়ির নিচতলার গ্যারেজে বসে ছিলেন বিলকিস। বিকেলে নওগাঁ সদর থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে রাতেই পুলিশ মোস্তাফিজুলকে গ্রেপ্তার করে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে কাজীর মোড়ে ১০ শতক জমির ওপর বিলকিস আক্তার ও তাঁর স্বামী বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর জমি ও বসতবাড়ির মালিকানা বিলকিস আক্তার ও তাঁর তিন সন্তান—এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ভাগ হয়। কিন্তু ছেলে মোস্তাফিজুল সম্পত্তি এককভাবে দখলে নিতে চাপ দিতে থাকেন মায়ের ওপর।

বিলকিস আক্তার বলেন, ‘স্বামীর সঙ্গে হাতে-হাত রেখে বাড়ি তৈরি করেছি। অথচ ছেলে বলছে, আমার মালিকানা মাত্র দুই আনা। আমি যেন বাইরে গিয়ে থাকি। মেয়েরা এসব সহ্য করতে না পেরে তাদের অংশ আমার নামে লিখে দিয়েছে। এখন আমি ৭০ শতাংশের মালিক হয়েও বাড়িতে ঢুকতে পারি না।’

ঘটনার খবর পেয়ে বিকেলে স্থানীয় মানবাধিকার কমিশনের সদস্যরা বাড়িতে গেলে মোস্তাফিজুল তাদের সামনেই মাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিবাদকারীদের ওপর চড়াও হন। নওগাঁ মানবাধিকার কমিশনের সমন্বয়ক চন্দন দেব বলেন, ‘বিলকিস আক্তার চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার। বিষয়টি তাৎক্ষণিক হস্তক্ষেপ জরুরি।’

ছেলে মোস্তাফিজুল বলেন, ‘বাড়ি নিয়ে পারিবারিক মামলা বিচারাধীন। আদালতের নির্দেশ ছাড়া মাকে আমি বাড়িতে ঢুকতে দিতে পারি না। তবে তিনি স্বীকার করেছেন যে, মায়ের প্রবেশ ঠেকাতে তিনি গেটে তালা লাগিয়েছেন।’
 
বিকেলে থানায় অভিযোগ জানাতে গেলে মোস্তাফিজুল সেখানে গিয়েও মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, ‘বিলকিস আক্তারের লিখিত অভিযোগ, থানায় হুমকি ও অসদাচরণের প্রেক্ষিতে মোস্তাফিজুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।’