নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
থানা পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক দিনের মতোই স্বামী-স্ত্রী তাঁদের ছোট দুই মেয়েকে নিয়ে মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকালে ছোট মেয়ে ঘুম থেকে উঠে দুজনকে অচেতন অবস্থায় পেয়ে দরজা খুলে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা ঘরে এসে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।