চাঁপাইনবাবগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ও বিকালে আলাদা দুটি ঘটনায় মারা যায় তারা। এর মধ্যে চাঁপাইননবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবায় ডুবে মারা যায় দুই শিশু। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতরা হলো—চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রিহান (৭), মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫) এবং শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাঈদ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় মোজাহিদুর ও আরিয়ান। পরে দুজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় ডুবে মারা যায় আবু সাঈদ নামে ১৩ মাস বয়সের এক শিশুর। বাড়ির পাশে খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।