নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে রনি (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে কাজ করছে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিতের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অন্যদের সাথে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য নৌকা নিয়ে বানডুবি থেকে মহাদেবপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীতে আসে। এসময় মহাদেবপুর উপজেলার সদরের আত্রাই নদীর দুই ব্রিজের মাঝখানে এসে একপর্যায়ে নদীর পানিতে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পাওয়ায় মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তারা নদী থেকে রাত ৮টায় উঠে আসেন। পরে ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আজ সকাল শুক্রবার থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রনির কোনো সন্ধান পাননি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘মহাদেবপুরের ফায়ার সার্ভিস কর্মীরা ও ডুবুরি দল খোঁজাখুঁজি করেও এখনো কোনো সন্ধান পাননি।’
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আসফাকুর রহমান বলেন, ‘ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালাবে। আশা করছি আমরা এর মধ্যে রনির সন্ধান পাব।’