নাটোরে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে বিয়াইয়ের মৃত্যু

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ধারাল ছুরিকাঘাতে বিয়াই মিঠুন আলীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পৌর এলাকার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠুন আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পেট্রোবাংলা এলাকার মৃত নাসির উদ্দিনের দুই ছেলে মোমিনুল ইসলাম নিশান ও মাহমুদুল ইসলাম নিক্সনের মধ্যে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মিটাতে বড়ভাই মোমিনুল ইসলাম নিশানের শ্যালক মিঠুন আলী দুপুরে তাদের বাড়িতে যায়। এসময় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার কাছে থাকা ধারাল ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

ওসি আরও জানান, পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত মাহমুদুল ইসলাম নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।