অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সীমান্ত হত্যার বিচারসহ চার দাবিতে ৪৮ ঘণ্টার লংমার্চ করছেন আইনজীবীরা। ভয়েস অব লইয়ার্স বাংলাদেশর ব্যানারে গতকাল শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে লংমার্চ শুরু হয়। আজ শনিবার লংমার্চের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পথসভা করেন আইনজীবীরা।
পথসভায় আইনজীবীরা জানান, অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সীমান্ত হত্যার বিচারের জন্য অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে গেলে সরকারের পাশে থাকারও কথা জানান তাঁরা।
বক্তারা বলেন, অতীতের সরকার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছিল। আর এর সুযোগে ভারত দমন-শোষন করেছে। আন্তর্জাতিক আইন অমান্য করে অভিন্ন ৪৫টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করেছে। সীমান্তে একের পর এ মানুষ হত্যা করেছে। ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার সময় এসেছে।
বক্তারা বলেন, সীমান্তে প্রতিটি হত্যার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব। এমনকি সীমান্ত নদীগুলোর পানি প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারকে ভারতের পানি প্রত্যাহার ও সীমান্তে হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দেন।
পথসভায় বক্তব্য রাখেন-ভয়েস অব লাইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সমন্বয়ক মো. দেলওয়ার হোসেন, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, স্বাধীনতা সার্ববৌমত্ব পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা আল ইহজাজ, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাকসহ অন্যরা।
পথসভার পর বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে গিয়ে লংমার্চটি শেষ হবে।