বগুড়ার শেরপুরে ইফতারের সময় এক বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় নগদ ২৬ লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সুবান্নাহার গ্রামের তফির খন্দকারের ছেলে লিটন খন্দকারের বাড়িতে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
লিটনের স্ত্রী রাজিয়া বলেন, ‘ইফতারের সময় ২৫–৩০ জন হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির সদস্যদের মারধর করে গুরুতর আহত করে এবং জমি ক্রয়ের জন্য ব্যাংক থেকে উত্তলন করে ঘরে রাখা নগদ ২৬ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ নিয়ে যায়।’ আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম আলী বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’