বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর নির্দেশে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সোমবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী মো. স্বপনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার দুপুরে মুঠোফোনে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইনডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জলেশ্বরীতলার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
বাদীর দাবি, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির চিকিৎসা দেয়। চিকিৎসার পর প্রাণীটি কিছুটা সুস্থ হয়ে উঠেছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে কুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেছেন।