চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পের কাজ শেষ হলেও ক্ষতিপূরণের টাকা পাননি অধিগ্রহণ করা ভূমির মালিকেরা। ৯ বছর ধরে অপেক্ষায় তারা। স্থানীয়দের আভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও নানা অজুহাত দেখিয়ে অর্থ আটকে রাখা হয়েছে।
মহানন্দা নদীর ওপর দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ শুরু হয় ২০২১ সালে। ২৭০ কোটি টাকায় ৩৯৩ মিটার দীর্ঘ এই বাঁধের কাজ শেষ হয়েছে গেল জুনে। তবে ৯ বছরেও ক্ষতিপূরণ পাননি এই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ভূমির মালিকেরা।
জমি সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রতার অজুহাত দেখিয়ে জেলা প্রশাসন অর্থ আটকে রেখেছে বলে অভিযোগ তাদের।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব পানি উন্নয়ন বোর্ড বলছে, ‘এই প্রকল্পের জন্য সাড়ে ৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে। ক্ষতিপূরণ বাবদ ৭০ কোটি ৭০ লাখ টাকা এরই মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।’
জেলা প্রশাসন বলছে, ভূমি অধিগ্রহণের চূড়ান্ত প্রতিবেদন হয়ে গেলে, টাকা পাবেন মালিকেরা। তবে এ নিয়ে জেলা প্রশাসক ও অধিগ্রহণ কর্মকর্তার কেউ-ই ক্যামেরা সামনে কথা বলতে রাজি হননি।