নাটোরে আবাসন ও চিকিৎসাসহ একটি ট্যুরিজম হাব গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, ‘উত্তরা গণভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছেন এবং এখানে মন্ত্রিসভার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানও নাটোরে আসবেন এবং জেলার উন্নয়নে কাজ করবেন।’
তিনি বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে একটি করে ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি প্রথমবারের মতো নাটোরে এসেছেন। নাটোরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও পর্যটকদের জন্য পর্যাপ্ত আবাসন ও চিকিৎসাসেবা নেই। এ ছাড়া জেলায় মেডিকেল কলেজও নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে আবাসন ও চিকিৎসাসুবিধাসহ একটি ট্যুরিজম হাব গড়ে তোলা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উত্তরা গণভবন পরিদর্শন শেষে পর্যটনমন্ত্রী নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলে ‘মিনি কক্সবাজার’খ্যাত হালতিবিল পরিদর্শনে যান।