প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার রাতা ৮টার দিকে এ কর্মবিরতি প্রতাহার করা হয়।
দুপুর দুইটার দিকে স্বাচিপের সদস্য ডা. জহিরুল হককে মেডিসিন বিভাগের প্রধান করার প্রতিবাদে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। পরে রাত আটটার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
২৪ সেপ্টেম্বর অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আমানুল ইসলামের আদেশে ডা. জহিরুল হককে মেডিসিন বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়। এতে বলা হয়, বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এম সাইফুল আলমের শেষ কর্মদিবস ৩০ সেপ্টেম্বর। বিভাগীয় প্রধানের দায়িত্ব নেবেন ডা. জহিরুল হক।
তবে খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক কামরান হোসেন জানান, স্বাচিপ সদস্য জহিরুল হক জুলাই আন্দোলনের বিরোধিতাকারী। তার পদায়ন বাতিল করা না হলে কর্মবিরতি চালানোর ঘোষণা দেন বিক্ষুব্ধরা।



