নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্তের স্বার্থে মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে গুরুদাসপুরের বাজারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার তাকে শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল ইসলাম। প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর নিহত শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রি বাদী হয়ে অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
শাকিল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এর আগে এলাকায় বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।