রাজবাড়ী শহরে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার শহরের পান্না চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। মঙ্গলবার দুপুরে রিকশায় করে কাপড় বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি তার ডান হাতে লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে এক সঙ্গীকে নিয়ে রিকশায় করে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন লিটন। পান্না চত্বর পার হওয়ার পর একটি অটোরিকশা তাদের রিকশার সামনে এসে পথরোধ করে। এ সময় অটোরিকশায় থাকা ব্যক্তিরা একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে লিটনের ডান হাতে গুলি লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
গুলিবিদ্ধ লিটন দাবি করেছেন, এ ঘটনায় জড়িত দুজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তাদের একজন সালেহ আহমেদ সুজন এবং অন্যজন ইনসান।
এর আগে গত ১৬ অক্টোবর রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল নামে এক যুবক নিহত হন। এর ১১ দিনের মাথায় আবারও গুলির ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


