নাটোরে ছাত্রদল নেতা হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিস্কৃতদের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হইলো।

এদিকে ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যুর দুইদিন পর নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।