পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলিতে হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০) নিহত হয়েছেন। হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ হত্যাকাণ্ড হয়। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুজনের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে। আব্দুস সালাম হাজী পুষ্পপাড়া হাটের বর্তমান ইজারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে বসেছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ সালাম হাজী ও রিপন হোসেনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরেই প্রতিপক্ষের লোকজন গুলি চালিয়েছে বলে জানা গেছে। এতে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’
তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’