পাবনার আটঘরিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শুক্রবার সন্ধ্যায় আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক জালালের ঢালু গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাসনা খাতুন, রাহেলা খাতুন, হাশেম আলী ও আরিফ আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামের মজনু ও সিরাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যায় সিরাজুলের ছেলে তুহিন বরুলিয়া মহল্লার কিশোর গ্যাংয়ের কথিত নেতা আকাশ খানসহ ১২ থেকে ১৫ জনকে ভাড়া করে নিয়ে আসেন।
অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র নিয়ে তারা মজনু ও হাশেম আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে। একপর্যায়ে গণপিটুনিতে কিশোর গ্যাংয়ের কথিত নেতা আকাশ খান ও সজিব আহত হয়। পরে ঘটনাস্থল থেকে সজিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
এ বিষয়ে উত্তরচক জালালের ঢালু এলাকার বাসিন্দা হাশেম আলী ও মজনু জানান, শুক্রবার দুই দফায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালায়। এতে তাদের পরিবারের নারী সদস্যসহ চারজন আহত হন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, আটক ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।