ইউরেনিয়ামের আরও একটি চালান কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছায়।
এর মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হলো।
এর আগে, রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি।
ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়ক পথজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয় চালানটির পরিবহন কার্যক্রম।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
এদিকে, জ্বালানি আমদানির পাশাপাশি প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়।
এর আগে, ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় রূপপুরের বিদ্যুৎ। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।
প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে ধাপে ধাপে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।